কুষ্টিয়া জেলার মিরপুরে জিকে খাল থেকে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিকে খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত পরিচ্ছন্নতাকর্মী জাহিদুল ইসলাম মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত নূর হোসেনের ছেলে।
আরো পড়ুন: কুষ্টিয়ায় বালির ঘাটে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল মিরপুর বাজারের পৌরপার্কে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। সকালে মাছ শিকারে আসা এক ব্যক্তি জিকে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে মরদেহের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রাত ১০টার দিকেও অনেকেই জাহিদুলকে সুস্থ অবস্থায় দেখেছে। তবে তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।