আব্দুল আলীম (৩২) নামে এক বাদাম বিক্রেতা পুলিশের এএসপি পরিচয়ে বগুড়ায় পঞ্চম বিয়ের পর পুলিশের হাতে ধরা পড়েছেন।
গতকাল শুক্রবার (২৫ জুন) দুপুরে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আব্দুল আলীম পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ডাকিয়াপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা এবং পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন বলে জানা গেছে।
গণমাধ্যম কর্মীদের মেয়েটির পরিবার জানায়, আলীম তাদের জানিয়েছিলেন- তিনি রংপুরের সৈয়দপুর নামে কোনো পুলিশ ফাঁড়িতে দায়িত্বে আছেন। বৃহস্পতিবার (২৪ জুন) আলীমকে সন্দেহ হলে জেরা করা হয়। তখন তিনি স্বীকার করেন তিনি বাদাম বিক্রি করেন। পাশাপাশি পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন।
এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, বাদাম বিক্রেতা আলীমের সঙ্গে পলাশবাড়ি গ্রামের কলেজপড়ুয়া এক মেয়ের মুঠোফোনে মিস কলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ১৪ থেকে ১৫ মাস আলীম নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রেম চলমান রাখেন। এর মধ্যে চলতি মাসের ১৮ তারিখে আলীম মেয়েটির বাড়িতে এসে ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা দেনমোহর ধার্য করে তাকে বিয়ে করেন এবং সেখানে সংসার করতে থাকেন।
আরও পড়ুন- গভীর রাতে দ্রুতগতিতে নারকেল গাছে উঠলেন নারী, শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ
তিনি আরো বলেন, স্থানীয়দের সহায়তায় মেয়েটির পরিবার বিষয়টি থানায় জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে আলীমকে গ্রেফতার করি। এছাড়াও আলীম প্রাণ ভয়ে ৯৯৯ নম্বরে ফোন করে তাকে উদ্ধারের জন্য সহযোগিতা চান।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, আমরা প্রতারককে গ্রেফতার করেছি। ঘটনাটি দুঃখজনক। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।