ঢাকার একটি খাদ্য আদালত সোমবার (১৫ ডিসেম্বর) নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটের একটি বিতর্কিত লট বাজার থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোকে ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে এই লট প্রত্যাহার করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান অভিযোগ করেছেন যে, নেসলে কিটক্যাট চকলেট অনিবন্ধিত, অনুমোদনহীন, নিম্নমানের এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি সংশ্লিষ্ট ব্যাচ নম্বর ৪৪৩৯৯১৩৯ ও উৎপাদন কোড ৬২৯৪০০৩৫৩৯০৫৪ উল্লেখ করেছেন।
তিনি আরও জানান, জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে, ভেজাল ও অনিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ করতে এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আদালত নেসলে বাংলাদেশকে এই লট বাজার থেকে প্রত্যাহার ও ধ্বংস করার নির্দেশ দেওয়ার পাশাপাশি, বিএসটিআই লাইসেন্স ও অনুমোদন না পাওয়া পর্যন্ত কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন ও বিক্রয় সাময়ীকভাবে বন্ধ করার জন্য অনুরোধ করেছেন।