রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রকৃত শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির যাত্রা শুরু হয়েছে। ৪০০ বছরের ঐতিহ্যবাহী ডেমরা বাজার ও জামদানি হাট সংলগ্নে অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে কমিটির যাত্রা শুরু হয়। অ্যাডহক এই কমিটির অনুমোদন দিয়েছেন বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা। এতে ডাঃ এম রফিকুল ইসলামকে আহবায়ক ও সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। শিক্ষক প্রতিনিধি হিসেবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সাহার বানু ও অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম।
কমিটির আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে আহবায়ক ডাঃ এম রফিকুল ইসলাম ও সদস্য সচিব রেবেকা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাজধানীর ডেমরা এলাকায় ৬৮ বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে বাওয়ানি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাস করে অনেক ছাত্র আজও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যা শুরু থেকেই অব্যাহত ছিল। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও আধুনিকভাবে গতিশীল করতে এই অ্যাডহক কমিটি বিশেষ ভূমিকা পালন করবে। এছাড়াও এখানে অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক শিক্ষা বিস্তারে কাজ করবে এ নতুন কমিটি। এতে এলাকার প্রকৃত মেধাবী দরিদ্র শিক্ষার্থীরাও সমান হারে শিক্ষা লাভের সুযোগ পাবে।