কাতার বিশ্বকাপে সময় যতো গড়াচ্ছে, ততোই রেকর্ডবুক ভারী হচ্ছে। একের পর এক রেকর্ড গড়ে চলছেন ফুটবলাররা। এবার সেই রেকর্ডে নাম লেখাতে যাচ্ছেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা।
তবে তার এই রেকর্ডটা আবার একেবারেই অন্যরকম। বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ষোলোতে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে মাঠে নামতে পারেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। আর এই ম্যাচেই অনন্য এক রেকর্ডে ভাগ বসাবেন ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভা।
শেষ ষোলোর ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামলেই অধিনায়ক হিসেবে সিলভা ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি কাফু এবং কার্লোস দুঙ্গাকে। কাফু এবং দুঙ্গা দুজনই বিশ্বকাপে ব্রাজিলকে সমান ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।
বিশ্বকাপে থিয়াগো সিলভা এখন পর্যন্ত ১০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামলেই সাবেক দুই অধিনায়ককে ছুঁয়ে ফেলবেন রক্ষণের অতন্দ্র প্রহরী ৩৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক।
সিলভা ব্রাজিলের জার্সি গায়ে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেন ২০১৪ সালে বিশ্বকাপে। সেবার ঘরের মাটিতে তার অধিনায়কত্বে খেলেছিল ব্রাজিল। এরপর ২০১৮ মার্সেলো দলকে নেতৃত্ব দিলেও এবার সেই নেতৃত্বের গুরুদায়িত্বটা আবারো সিলভার কাঁধে।