গ্লোবাল প্রাইম ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল জামাল ভূঁইয়ার ভারতের আই-লিগে খেলা। অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ অধিনায়ক গিয়েছেন ভারতে। ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানের জার্সিতে খেলবেন তিনি। আই-লিগে খেলতে জামাল কতটা উন্মুখ হয়ে আছেন, তা আগেই বলেছেন। কলকাতায় পৌঁছেও একই কথা উচ্চারিত হলো তার কণ্ঠে।
ভারতীয় লিগে খেলে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান জামাল। স্থানীয় মিডিয়ার কাছে ইতিবাচক প্রত্যাশার কথাই শুনিয়েছেন এই মিডফিল্ডার।
বৃহস্পতিবার কলকাতায় পৌঁছে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন জামাল। হোটেলে ৮ দিনের মতো কোয়ারেন্টিনে থাকতে হবে। এর মধ্যে নতুন করে করোনা নেগেটিভ হয়ে তারপর সুযোগ পাবেন খেলার।
কলকাতা পৌঁছে স্থানীয় মিডিয়াতে বাংলাদেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জামাল বলেছেন, ‘দারুণ খুশি মোহামেডানে খেলার সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে থাকি, খেলার জন্যও। আমি উত্তেজিত। এই ক্লাবের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
কলকাতায় খাপ খাইয়ে নিতে তেমন সমস্যা হবে না বলে অভিমত বাংলাদেশ অধিনায়কের, ‘কলকাতা বাংলাদেশের মতো। এখানে খাপ খাইয়ে নিতে সমস্যা হবে না। প্রথম ম্যাচ মিস করবো, কোয়ারেন্টিনে থাকবো। পরের ম্যাচ থেকে থাকবো আশা করি।’
বিশ্বকাপ বাছাইয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। ওই ম্যাচ প্রসঙ্গে জামালের বক্তব্য, ‘ড্র করেছি ওই ম্যাচটি। মিক্সড ফিলিংস। আমি গোলে সহায়তা করছিলাম। ওই ম্যাচটি সুন্দর ছিল।’খবর বাংলা ট্রিবিউন