জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে একটি হত্যা মামলার ১ নং আসামি হওয়ায় রোববার (২২ অক্টোবর) রাতে মাত্রাই ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৩ অক্টোবর) তাকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পিবিআই ও মামলার নথি সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত জেরে ২০১৯ সালের ৭ আগস্ট সকাল ১০টায় মাত্রাই এলাকায় মোজাহার আলী সরদার ও নুরন্নবীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ওই সময় খোদেজা বেগম নামে এক নারীর মাথায় কোদাল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার ছেলে লুৎফর রহমান এগিয়ে এলে তাকেও আঘাত করা করা হয়। পরে দুজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক খোদেজাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুপুরে খোদেজা মারা যান। ওই ঘটনায় আ ন ম শওকত হাবিব তালুকদার লজিককে হুকুমের আসামি করে মামলা হয় যেখানে তাকে এক নম্বর আসামি করা হয়। মামলায় আরো ১৯ জনের নাম উল্লেখ করা হয়।
মামলাটি কালাই থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ও জয়পুরহাট সিআইডির ইন্সপেক্টর জিয়াউর রহমান তদন্ত করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ডিসেম্বর মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মামলার প্রথম তিন আসামিকে অব্যাহতি দিতে আদালতের কাছে আর্জি জানানো হয়। অব্যাহতির কারণ হিসেবে বলা হয়েছে, আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক ও মাহমুদুন্নবী সুজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। ঘটনার সঙ্গে জড়িত নন। আরেক আসামি মোফাজ্জল হোসেন মারা গেছেন। মামলার বাদী মোজাহার আলী সরদার মারা যাওয়ায় আদালতের নির্দেশে তার ছেলে লুৎফর রহমান বাদী হিসেবে নারাজি দেন। এরপর আদালত মামলাটি পিবিআই বগুড়াকে তদন্তের নির্দেশ দেন।
বগুড়া পিবিআইয়ের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, ২০১৯ সালে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মাত্রাই এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটে। ওই মামলায় আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক আসামি ছিলেন। মামলাটি তদন্ত করে থানা পুলিশ ও সিআইডি লজিকসহ তিনজনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতের নির্দেশে ওই মামলাটি পিবিআই তদন্ত করে। তদন্তে খাদিজা হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় লজিক তালিকদারকে গ্রেফতার করা হয়েছে।