কক্সবাজার জেলার পেকুয়ায় পাহাড়ি ছড়ার পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০মার্চ) ভোরে উপজেলার টৈটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ী মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ সোহেল (১৮)। সে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে বলেন, সোহেল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোররাতে পরিবারের সদস্যদের সাথে সে সেহেরি খায়। ফজরের নামাজের আযান হলে সে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। মসজিদে যাওয়ায় পথে ওযু করতে বা অন্য কোন কারণে সে পাহাড়ি ছড়ায় নেমে পানিতে ডুবে যায়। ছড়াটি কিছুটা গভীর। তবে পানির স্রোত নেই। তাকে তলিয়ে যেতে দেখে মুসল্লি খলিলুর রহমান তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। তিনি ব্যর্থ হয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা ছড়ার পানি থেকে সোহেলের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন- কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল যুবকের লাশ
এ বিষয়ে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃত্যু কারণ জানতে স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপমৃত্যুর সত্যতা পেয়ে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।