বগুড়া জেলার শিবগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার কিচক ইউনিয়নের ঈদগাহ মাঠসংলগ্ন পাশের গাংনাই নদীর তীর থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম শেখ স্বাধীন (৮)। সে আমতলী মাছপাড়া এলাকার শেখ শাহ আলম মিয়ার ছেলে ও স্থানীয় মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম শহিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকেই স্বাধীন নিখোঁজ হয়। সকালে তার লাশ মাদরাসার পার্শ্বে গাংনাই নদীর তীরে পাওয়া যায়।
আরো পড়ুন- ডাস্টবিনে মিলল নবজাতকের লাশ
নিহতের চাচা মইনুল হক বলেন, স্বাধীন ওই মাদ্রাসায় আবাসিকের ছাত্র ছিল। শনিবার বিকেল থেকেই স্বাধীন নিখোঁজ ছিল। অথচ স্বাধীন নিখোঁজ রয়েছে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাধীনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এ ব্যাপারে থানায় স্বাধীনের বাবা শেখ শাহ আলম মিয়া বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান ওসি।