রাজশাহীতে ইকবাল জাফর শরীফ নামে এক বিদেশি মেডিক্যাল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও ভারতের মুর্শিদাবাদের বাসিন্দা।
গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) রাতে যেকোনো সময় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বারিন্দ মেডিক্যাল কলেজ হোস্টেলে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত ইকবালের সহপাঠীরা জানান, এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী ছিলেন ইকবাল জাফর শরীফ। করোনা ছুটির ঘোষণার পর তিনি ভারতে নিজ বাড়িতে চলে যান। তিনদিন আগে ইকবাল জাফর রাজশাহীতে ফেরেন বলে জানান সহপাঠীরা।
আরও পড়ুন:- কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালক নিহত
এ বিষয়ে বারিন্দ মেডিক্যাল কলেজের হোস্টেল সুপার গোলাম মাওলা জানান, ইকবাল জাফর বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। এ সময় তার বন্ধুরা দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ইকবাল জাফরের বন্ধুদের বরাত দিয়ে গোলাম মাওলা আরও জানান, সম্প্রতি তার বিয়ের এনগেজমেন্ট হয়। তবে তার অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
এ ব্যপারে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’