ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানির নিমন্ত্রণে সোমবার ভোর সোয়া ৫টায় বাংলাদেশে পৌঁছান আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্তিনেজ। প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে এসে হোটেলে মাত্র ঘণ্টা তিনেক বিশ্রাম। এর পর আবার বেরিয়ে পড়লেন।
সকাল সাড়ে নয়টার দিকে মার্তিনেজ উত্তর বাড্ডাস্থ ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানির অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা তাকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে।
মার্তিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি। তবে মার্তিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি তিনি।
মার্তিনেজ নেক্সট ভেঞ্চারে এগারোটার দিকে আসার কথা থাকলেও এলেন এর দেড় ঘণ্টা আগেই। সেখানে পৌনে এক ঘণ্টা সময় কাটিয়ে চলে গেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্ট প্রয়োজন। সেই পরীক্ষা করাতেই সূচিতে খানিকটা রদবদল।