ভোলা জেলার মনপুরার মোটরসাইকেল দুর্ঘটনায় এক সজিব (১৬) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার রাতে জংলারখালসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব উপজেলার ৩নং ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে এবং উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত শুক্রবার রাতে মাস্টারহাট বাজারসংলগ্ন মাঠে ক্রিকেট খেলে মোটরসাইকেলে হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকায় বন্ধুদের নিয়ে খালা বাড়িতে বেড়াতে যান সজিব।পরে রাতে মোটরসাইকেলে খালার বাড়ি থেকে ফেরার পথে জংলারখাল ব্রিজের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন- দুই বাসের প্রতিযোগিতায় তিন পথচারীর মৃত্যু
স্থানীয় লোকজন আহত সজিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থেকে আজ শনিবার ভোর ৪টা দিকে তার মৃত্যু হয়।
এই বিষয়ে মনপুরা সদর হাসপাতালের আবাসিক ডা. রাফেদুল ইসলাম জানান, আহত স্কুলছাত্র সজিব চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে মৃত্যুবরণ করে।