টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ভারতের হারের পর শুরু হয়েছে ময়নাতদন্ত। উঠে আসছে নানা বিষয়। যাচ্ছেতাই ফিল্ডিং, সময়মতো ডিআরএস না নেয়াকে দায়ী করছেন অনেকে।
তবে খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন ভিন্ন কথা। তিনি কাঠগড়ায় তুলেছেন দলের অনভিজ্ঞতাকে। তাতে সুর মিলিয়েছেন ওপার বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি।
তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে ভারত। ব্যাকফুটে চলে যাওয়ার পর রোহিত বলেন, এ ভারতীয় দলে অভিজ্ঞতার অভাব প্রকট। সেটা মাঠেও ধরা পড়েছে।
এটাই মানতে পারছেন না মনোজ। এক টুইটবার্তায় তিনি সাফ জানিয়ে দেন,অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায় না।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এ মন্তব্য করে ভারতীয় নির্বাচকদের খোঁচা দিলেন ডানহাতি ব্যাটসম্যান। বোঝাতে চাইলেন, তারুণ্যের পেছনে ছুটতে গিয়ে অভিজ্ঞতাকে হেলায় ভাসিয়ে দেয়া ঠিক হচ্ছে না।
রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান তোলে ভারত। জবাবে ৩ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। ৬০ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন মুশফিকুর রহিম।
এর পরই টুইট করেন মনোজ,বাংলাদেশের বিপক্ষে এ হার ভারতের ক্রিকেটে জোর ধাক্কা। ক্রিকেটে এমন কিছু অবশ্য হতে পারে। তবে উন্নতি করার মতো অজস্র জায়গা আছে। এ ম্যাচ চোখ খুলে দিল এমন লোকদের, যারা মনে করেন অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায়। খবর যুগান্তর।