ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজিজ খান (২৭) এবং শান্ত চৌধুরী (২৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বুধল ও রামরাইলে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজিজ খান জেলা সদরের ফুলবাড়িয়ার হিরু খানের ছেলে ও জেলার সরাইল উপজেলার কালিকচ্ছের আবদুর রউফ চৌধুরীর ছেলে শান্ত চৌধুরী।
জানা যায়, সদর উপজেলার বুধল গ্রামে একটি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছয়জন ডেকোরেটরের স্টাফ কাজ করতে যায়। সেখানে কাজ শেষে সন্ধ্যায় তারা ব্যাটারিচালিত অটোরিকশা করে জেলা সদরে ফেরার সময় পথিমধ্যে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসা হয়। সেখানে আজিজ খানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় স্ত্রীর মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে আনার পর এক যুবকের মৃত্যু হয়েছে।
অপরদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে রামরাইলে শান্ত চৌধুরী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ ধারণা করছে, কোনো একটি যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক শওকত হোসেন বলেন, শান্ত চৌধুরী নামের এক যুবকের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, রামরাইলে মরদেহ উদ্ধারের সময় থানা পুলিশ হাইওয়ে পুলিশকে সহায়তা করেছে।