ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২১ এর জাতীয় দলের ম্যানেজার মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান।
আগামী ৭ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ব্যাডমিন্টন এশিয়ার তত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম শিকদার স্বাক্ষরিত ঐ পত্রে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ এবং সার্বিক বিষয় যথাযথ অনুসরণের লক্ষ্যে আরিফুল হক হাসানকে জাতীয় দলের ম্যানেজার মনোনিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আরিফুল হক হাসান জানান, এটা একটা বড় দায়িত্ব। ফেডারেশন আমাকে ম্যানেজার মনোনীত করায় আমি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনকে কতৃজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারবো বলে উল্লেখ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান।
গত বছরের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টারের ছেলে ও নাসিক ৪নং ওয়ার্ডের তরুণ এ কাউন্সিলর।