বাছাই পর্বে স্কটল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় উইন্ডিজ। অথচ দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়, বাছাই পর্বে স্বাগতিক জিম্বাবুয়েকেও কাঁদায় স্কটল্যান্ড। আগের ম্যাচে জিম্বাবুয়ে ৩১ রানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার পথেই ছিল স্কটিশরা।
আজ (৬ জুলাই) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় স্কটল্যান্ড-নেদারল্যান্ড। এই ম্যাচের আগে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথেই ছিল স্কটল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকা নেদারল্যান্ডস বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে বড় ব্যবধানে জিততে হতো। তারা সেই কঠিন কাজে সফল হওয়ার মধ্য দিয়ে স্কটল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
বৃস্পতিবার (৬ জুলাই) জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের মধ্যকার অঘোষিত ‘ফাইনালে’ মুখোমুখি হয়ে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৪৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের টিকিটি নিশ্চিত করে নেদারল্যান্ডস। এদিন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ৪৪ ওভারের মধ্যে জিততে হতো নেদারল্যান্ডসকে। তারা ৪২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।