গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে স্ত্রী রেশমা বেগমকে (২৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মনজু মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দীর্ঘ ১৬ বছর পূর্বে রেশমা বেগমের সাথে মনজু মিয়ার বিয়ে হয়। স্বামী মনজু মিয়া গোপালচরণ গ্রামের নইম উদ্দিনের ছেলে এবং স্ত্রী রেশমা বেগম একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরামকাজি ফলগাছা গ্রামের ফজলুল হকের মেয়ে। তাদের এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন- জুনিয়র-সিনিয়র দ্বন্দ্ব, সালাম না দেয়ায় যুবককে হত্যা
মনজু মিয়া একজন মানসিক রোগী। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, দীর্ঘদিন থেকে রেশমা বেগমের সঙ্গে মনজু মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মনজু মিয়া কুড়াল দিয়ে রেশমা বেগমের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রেশমা বেগম মারা যান।
পরে পুলিশ খবর পেয়ে উপজেলা সদরের বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত রেশমা বেগমের ভাই সুমন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মনজু মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে বলেও জানান ওসি।