যশোর জেলার সদরের বাহাদপুর গ্রামের একটি মাঠে চাকরির প্রলোভনে ডেকে নিয়ে এক নারীকে তিনজনে মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে হাসপাতালে যান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ভুক্তভোগী নারীর অভিযোগ শুনেছেন।
গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী জানান, খুলনা জেলার ফুলতলার পত্তিপুর গ্রামের মানিক কুন্ডুর সঙ্গে তার পরিচয় ছিল। মানিক কুন্ডু তাকে একটি চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা নেয়। দুই মাস ধরে চাকরি না দিয়ে টালবাহানা করছিল সে। সর্বশেষ শুক্রবার নিয়োগকর্তার বাড়ি যশোরে নিয়ে যাওয়ার আশ্বাস দেয় মানিক। সেই মোতাবেক বিকেলে তাকে নিয়ে যশোরে যায় সে। যশোর পৌঁছনোর পর আরো দুইজনকে সঙ্গে নেয় মানিক কুন্ডু।
আরও পড়ুন:- দুইদিন ঘরে আটকে রেখে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২
সে আরও জানান, পরে সন্ধ্যার দিকে ইজিবাইকে করে হাশিমপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে নেমে বলে, মাঠের ভেতর দিয়ে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর একটি বাগানে তাকে জাপটে ধরে তিনজন মিলে তাকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুল হাকিম জানান, ওই নারীর গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা ও আলামত সংগ্রহ করা হয়েছে।
গণমাধ্যমে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভুক্তভোগী ওই নারীর অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।