দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে প্রথম বলেই ফিরে গেলেন চেতেশ্বর পুজারা। গত এক বছরে এই নিয়ে তিন বার খাতা খোলার আগেই ফিরতে হল তাঁকে। অর্থাৎ শূন্য করার হ্যাটট্রিক হয়ে গেল তাঁর।
গত বছর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলেছিল ভারত। ঠিক এক বছর আগে থেকে পরিসংখ্যান ধরলে দেখা যাবে কতটা খারাপ ফর্মে রয়েছেন পুজারা। দেখা যাচ্ছে গত এক বছরে পুজারা মোট ১৫টি টেস্ট খেলেছেন। ২৭ ইনিংসে তাঁর রান ৭০৬। গড় ৩০-ও পেরোয়নি, ২৭.১৫। একটিও শতরান নেই পুজারার। অর্ধশতরান করেছেন ৬টি। টেস্টে তাঁর শেষ শতরান দুই বছর আগে ২০১৯ সালের জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে সেই ম্যাচে ১৯৩ রান করেছিলেন পুজারা।
প্রথম ইনিংসে পুজারার শেষ অর্ধশতরান এই বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর যে ১১টি টেস্ট খেলেছেন, সেখানে প্রথম ইনিংসে পুজারার রান ২১, ০, ১৭, ৮, ৪, ৯, ১, ৪, ২৬, ০, ০।
গত এক বছরে পুজারার ২৭টি ইনিংসের মধ্যে তিন বার শূন্য তো আছেই, এক থেকে ১০ রানের মধ্যে তিনি আউট হয়েছেন সাত বার। ১১ থেকে ২০ রান এবং ২১ থেকে ৩০ রানের মধ্যে আউট হয়েছেন চার বার করে। ৪১ থেকে ৫০ এবং ৫১ থেকে ৬০ রানের ইনিংস খেলেছেন মাত্র একটি করে। ৭১ থেকে ৮০ রানের ইনিংস খেলেছেন মাত্র দু’টি। এর বাইরে একটিই ৯১ রানের ইনিংস রয়েছে।
ব্যাট করতে নেমে পুজারা প্রথম পাঁচ বলের মধ্যে আউট হয়েছেন চার বার। ৩০টি বলও খেলতে পারেননি, এরকম ইনিংস ৯টি। ৬০ বলের মধ্যে আউট হয়েছেন ১৪ বার। দেড়শ, বা তার বেশি বল খেলেছেন মাত্র পাঁচ বার।
২৭টি ইনিংসের মধ্যে এক বারই তিনি অপরাজিত ছিলেন। আউট হওয়ার ধরনেও স্পষ্ট পুজারার খারাপ ফর্ম। যে ২৬ বার আউট হয়েছেন তার মধ্যে বোল্ড এবং এলবিডব্লিউ-র যোগফল সাত। রবিবার বোল্ড, বা এলবিডব্লিউ না হলেও যে ভাবে আউট হয়েছেন, তা কোনও তিন নম্বর ব্যাটারের থেকে প্রত্যাশিত নয়। লুঙ্গি এনগিডির বলটি গুড লেংথে পড়ে ভিতরে ঢুকে আসে। পুজারা ডিফেন্স করার জন্য সামনের পায়ে খেলেন। বল ব্যাটের ভিতরের দিকে লেগে পুজারার পায়ে লাগে। সেখান থেকে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো কিগান পিটারসেনের হাতে যায়।