কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই প্রথম টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী মার্চে দুই টেস্ট সিরিজে অংশ নিতে তাদের শ্রীলংকা সফর চূড়ান্ত হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অপর ম্যাচের ভেন্যু গল। শ্রীলংকায় নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও সফর নিশ্চিত করেছে দু’দেশের ক্রিকেট বোর্ড। এ বছরের শুরুতে শ্রীলংকায় ইস্টার সানডের দিন বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়। অবশ্য সেই ধকল সামলে এরই মধ্যে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে শ্রীলংকা ক্রিকেট।
কুমার সাঙ্গাকারা ইংল্যান্ডকে আশ্বস্ত করে বলেছেন, পরিস্থিতি পাল্টেছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না সাবেক অধিনায়ক, ‘এই দেশ এখন সবার জন্য নিরাপদ। শ্রীলংকা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বিশ্বের সব জায়গা থেকে আরও বেশি অতিথি চাই আমরা। ইংল্যান্ড মার্চে আসবে যুক্তরাজ্যের প্রেক্ষিতে এটা খুব তাৎপর্যপূর্ণ।’
১৯ মার্চ গলেতে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে একটি করে তিনদিনের ও চারদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। এক সপ্তাহ পর কলম্বোর খেত্তারামায় দ্বিতীয় ও শেষ টেস্ট। যে ভেন্যুতে সবশেষ টেস্ট হয়েছিল ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
-খবর দৈনিক যুগান্তরের।