সবচেয়ে খারাপ সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, দুর্ভাগ্যক্রমে সবচেয়ে খারাপ সময়ে আমি ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে এসেছিলাম। আমি দায়িত্ব নেয়ার পর আইসিসির বোর্ড মিটিংয়ে গিয়ে শুনলাম নিরাপত্তা ইস্যুতে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে না। নতুন একজনের পক্ষে সেটিকে ঘোরানো কঠিন চ্যালেঞ্জ ছিল।
শনিবার প্রকাশিত একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
বিসিবি সভাপতি তার যোগদানের ওই সময়কার দুঃসহ স্মৃতি তুলে ধরে বলেন, নানা প্রতিকূলতার সঙ্গে আবার যোগ হলো টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেয়া। সেটিও কষ্টেসৃষ্টে রাখতে পারলাম, এর পরে বলে আমাদের দ্বিতীয় স্তরে পাঠিয়ে দেওয়া হবে। বিশ্বাস করুন, দ্বিতীয় স্তরের বিষয়ে বাংলাদেশ ছাড়া কেউ আপত্তি জানায়নি।
পাপন বলেন, বাংলাদেশ একমাত্র দেশ, যারা লিখিতভাবে আপত্তি জানায়। সিদ্ধান্ত হয়ে গেছে, একটু পরেই সংবাদ সম্মেলন হবে এবং সংবাদ বিজ্ঞপ্তি যাবে, ওই অবস্থা থেকে সিদ্ধান্ত বদলানো হয়েছে। এই ছিল অবস্থা! কী যে কষ্ট করতে হয়েছে। প্রথম ধাক্কাই গিয়েছে আমার শুরুতে। আরেকটি ব্যাপার হলো আইসিসিতে বাংলাদেশের কোনো সম্মানই ছিল না।
বিসিবি সভাপতি বলেন, তখন বাংলাদেশ একটি কাজই শুধু করতে পারত। ভারতের পেছনে পেছনে ঘুরে পারত অনুরোধ করতে। এরপর ২০১৫-র বিশ্বকাপের সময় কামাল ভাইকে (বর্তমান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল) নিয়ে একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল। উনি চলে আসলেন। যাই হোক, সব সমস্যা সামলে অবস্থানগত দিক থেকে বাংলাদেশকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটি পেরেছি। আরেকটি বড় ব্যাপারও আদায় করে আনতে পেরেছি।
-খবর দৈনিক যুগান্তরের।