নেত্রকোনা জেলার কলমাকান্দারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রী রুবিনা আক্তারের কুড়ালের কোপে স্বামী রুক্কু মিয়ার মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৫ মে) সকালে উপজেলার কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
নিহত রুক্কু মিয়া পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের শামসুদ্দিনের ছেলে। অভিযুক্ত রুবিনা আক্তার কৈলাটি গ্রামের বাবুল হেলালীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুক্কু মিয়া কয়েক বছর আগে রুবিনা আক্তারকে বিয়ে করেন। রুক্কু মিয়া এর আগেও আরো দুইটি বিয়ে করেন। আগের বিয়ের তথ্য গোপন করার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দাম্পত্য কলহের জেরেই মধ্যেই শুক্রবার (১৪ মে) শ্বশুরবাড়িতে বেড়াতে যায় রুক্কু মিয়। শনিবার সকালে কলহের একপর্যায়ে স্ত্রীর কুড়ালের কোপে রুক্কু মিয়া মারা যায়।
আরও পড়ুন- গৌরীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোর শ্রমিককে গলা কেটে হত্যা
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, রুক্কু মিয়া মোট তিনটি বিয়ে করেন। এ কারণে তাদের দাম্পত্য কলহ চলছিল। শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের একপর্যায়ে রুবিনা স্বামী রুক্কু মিয়াকে কুড়াল দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রুক্কু মিয়া নিহত হয়।
স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন রুবিনা। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।