মানিকগঞ্জ জেলার সিংগাইরে ট্রলিচাপায় দেলোয়ার হোসেন ধলু মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ মার্চ) সকালে পৌর শহরের কাশিমনগর ঘাট সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ধলু মিয়া মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ইখালি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের চর রাজেন্দ্রপুর গ্রামের আক্কাছ খানের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
আরও পড়ুন- আ’লীগ নেতার ভাতিজার মোটরসাইকেলে প্রাণ গেল পথচারীর
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দেলোয়ার মোটরসাইকেলে বায়রা হাটে যাচ্ছিলেন। কাশিমনগর ঘাট সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের পাশে পৌঁছালে ধলেশ্বরী নদী থেকে মাটি আনতে যাওয়া বেপরোয়া একটি ট্রলি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে নেয়ার পর দেলোয়ার মারা যান।
এ বিষয়ে সিংগাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক জানান, ঘটনাস্থল থেকে ট্রলিটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।