গডফাদারসহ সন্ত্রাসী-চাঁদাবাজদের বর্জনের লক্ষ্যে লাল কার্ড দেখিয়ে রাজধানীর ডেমরায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ডেমরা থানা বিএনপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে চিহ্নিত গডফাদারের নেতৃত্বে পরিচালিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদককারবারিদের গ্রেফতারের দাবি জানানো হয় ওইসব কর্মসূচীতে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ডেমরা থানা বিএনপির উদ্যোগে সারুলিয়া এলাকায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি সারুলিয়া গরুর হাট থেকে শুরু হয়ে সারুলিয়া বাজার, টেংরা, তালতলা, মা মেমোরিয়াল একাডেমি ও টেংরা সফুর উদ্দিন মার্কেট প্রদক্ষিণ করে রানীমহল ব্রিজের ঢালে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সদ্য বিলুপ্ত ঘোষিত ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক আহবায়ক এস.এম.রেজা চৌধুরী সেলিম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে অগ্রাধিকার দিয়েই এসব প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান খোকন ও মো অহিদুল ইসলাম অহিদ।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মো. মনির হোসেন খান, মো. আহাদুল্লাহ, আবুল বাসার পারভেজ, ওমর ফারুক ভুঁইয়া, মো. রফিকুল ইসলাম ও মো. সুজন মিয়া, সাবেক সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা দেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যেকোনো মূল্যে বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী সকল চক্রান্ত কঠোর হস্তে দমন করা হবে।