ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে; কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছনোর ষড়যন্ত্র করা হলে জনগণ তা গ্রহণ করবে না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনি গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অন্তবর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, তাহলে জনগণ এ সরকারকে ক্ষমা করবে না। এ নির্বাচনে কোনো পেশিশক্তি, দখলবাজি, মারামারির চেষ্টা করলে তাদের উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।
ফয়জুল করীম বলেন, দেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজকে ভোট দিতে চায় না। জনগণ তার পছন্দের ব্যক্তিকে যাতে ভোট দিতে পারে সরকারকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা গাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগদান করেন দলটির নেতাকর্মীরা।