কুমিল্লায় মাদক কারবারে বাঁধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বসস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বিল্লাল হোসেন পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতরা হলেন- বসস্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে একটি মাদকের চালান নিয়ে বিল্লাল হোসেন বাড়িতে প্রবেশ করে। এ সময় একটি ওয়াজ মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরুহয়। একপর্যায়ে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাঁধা দিতে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন প্রাণ হারান।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বিল্লাল হোসেন আপন ভাই এবং মাকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লালকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।