নেশার টাকা চেয়ে না পেয়ে বটির এক কোপে মাকে খুন করেছে ছেলে। বুধবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামে নেশার টাকা চেয়ে না পেয়ে ছেলে জনি মিয়ার (২২) হাতে খুন হন মা। নিহত মায়ের নাম রুপিনা বেগম (৫৫)। ঘটনার পর ঘাতক ছেলেকে রাত দেড়টার দিকে পুলিশ বিরুনীয়া গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বঁটি ও নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের আরেক ছেলে রনি বাদী হয়ে হত্যা মামলা করেছেন। নিহত রুপিনা খারুয়ালী গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী। শাহাব উদ্দিন আগেই মারা গেছেন। রুপিনা বেগম ৪ সন্তানের জননী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বখাটে নেশাগ্রস্ত ছেলে জনি মিয়া নেশা খাওয়ার জন্য তার মার কাছে দুইশ টাকা চায়। এ সময় জনির মা জনিকে ভাত খেতে বলেন। কিন্তু জনি তার মার কাছে জোরপূর্বক টাকা চায়। রুপিনা বেগমের কাছে টাকা না থাকায় দিতে অস্বীকার করলে বটি দিয়ে জনি তার মায়ের ঘাড়ে এক কোপ দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় রুপিনা বেগম ঘরের বারান্দায় একটি চেয়ারে বসা ছিলেন।
ওই গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তফা বলেন, ওই ছেলে হেরোইন সেবন করত। নেশার ২শ টাকার জন্য জনি তার মাকে খুন করেছে। আমাদের এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, নেশাগ্রস্ত যুবক জনি পালিয়ে যাওয়ার পথে রাতেই বিরুনীয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।