রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতির শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দিয়েছেন। এ ছাড়াও শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়। তাছাড়া নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের স্ত্রী রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনানসহ পরিবারের সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের পর পরই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ তার উত্তরাধিকারী নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। এর মধ্যদিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
নতুন রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক বার্তা পাঠিয়ে এই অভিনন্দন জানিয়েছেন চীনা নেতা। চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং তার নিজের এবং চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে শি জিনপিং উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্যগতভাবে বন্ধু প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উভয় দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং উভয়কে সহযোগিতাকে করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ওই সম্পর্ক সবার জন্য উদাহারণ। বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট জানিয়েছেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করতে প্রস্তুত।