রাজধানীর পান্থপথে সড়ক দুর্ঘটনার ঘটনায় মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএনসিসি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস. এম. শরিফ-উল ইসলামকে আহ্বায়ক এবং মহাব্যবস্থাপক (পরিবহন) মোঃ মিজানুর রহমানকে সদস্য সচিব করে তদন্ত কমিটিটি গঠন করা হয়। এই কমিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আবুল হাসনাত মোঃ আশরাফুল আলমকে সদস্য করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পান্থপথ ফার্নিচার দোকানের সামনে বেলা আড়াইটার দিকে একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী আহমেদ কবির নামে একজন ব্যক্তি নিহত হওয়ার পর ডিএনসিসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়া হয়।
ইতোমধ্যে ডিএনসিসির মেয়রের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।