ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় নাঈম হাসানকে চাপা দেয় গাড়িটি। তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। পরে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তিনটার দিকে রাস্তায় নামে। কয়েক শ’ বিক্ষোভকারী নগরভবনে প্রবেশের চেষ্টা করে। কিন্তু প্রধান ফটক বন্ধ থাকায় ভবনের সামনেই স্লোগান দেয় তারা। সিটি কর্পোরেশনের কারও সঙ্গে কথা বলতে না পেরে কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থলে চলে আসে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।