সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্য। দেশ ও জাতির সকল প্রয়োজনে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আমাদের ঐক্যবদ্ধ রেখেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
মঙ্গলবার ( ১২ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দূর্গাপূজা ২০২১ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, দূর্গাপূজা বাংলার হাজার বছরের চলমান ও বহমান উৎসব। এর আনন্দ আমাদের সকলের। এর সাথে আমাদের সংস্কৃতির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এটি বাঙ্গালির অসাম্প্রদায়িক নিদর্শন।আজ উৎসবের কমতি থাকলেও আনন্দের কমতি নেই। আয়োজনের কমতি থাকলেও উপস্থিতির কমতি নেই। এটাই হলো আমাদের বিশেষত্ব। মুসলিমদের ঈদের উৎসবে হিন্দুরা পারিবারিক ও সামাজিক ভাবে অংশগ্রহণ করে। এটাই আমাদের গৌরব।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রতি বছর পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি দেশের বাহিরে না থাকলে সব সময় পূজার অনুষ্ঠানে আসেন। তিনি গত দুই বছর করোনার কারনে পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু তিনি সনাতন ধর্মরে ভাই বোনদের সব সময় খোঁজখবর রাখেন। তার সাথে আপনাদের একটি নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি আপনাদেরকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন।
আরো পড়ুন: শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হয়েছেনঃ বাহাউদ্দিন নাছিম
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সংস্কৃতি ও সকল ধর্মের মানুষকে নিয়ে এমন এক বাংলাদেশ করতে চাই যা হবে উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়ার, কিন্তু তিনি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক লড়াই সংগ্রামের পর বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে বিশ্ব সভায় শেখ হাসিনা আজ সম্মানিত হয়েছেন এবং তাকে পুরষ্কৃত করা হয়েছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে বড় করে তুলেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল গোস্বামী, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ।