শেখ হাসিনা সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায় কিন্তু ঢালাও সমালোচনা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্ম উদ্যমকে ব্যাহত করে।
বুধবার (৭ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।
আরও পড়ুন- প্রতিশোধ প্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে: সেতুমন্ত্রী
একটি মহল অবিরাম সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, রাজনীতিবিদদের একটি অংশের পাশাপাশি গণমাধ্যমের একটি অংশও সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে, তারা সরকারের ভালো কিছু দেখতে পায় না। দেখতে পায় না কোনো সাফল্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন শত্রু করোনা মহামারি থেকে দেশ ও জনগণের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান।
তিনি বলেন, করোনাকালে রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো, কিন্তু বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপি নেতারা বলেছেন তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে।