ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিনদিন দেশে প্রবেশ করতে পারবেন। সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। গত ১ জুলাই থেকে এ আদেশ কার্যকর ধরে আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে বলেও জানিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা অথবা অন্যান্য কারণে ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। ভারতে ভ্রমণকারীদের মধ্যে অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা সরকারের যে সব নিয়মকানুন আছে, সেগুলোও প্রতিপালন করেন।
আরও পড়ুন- প্রবাসীদের ভোগান্তি কমাতে অর্ধেক যাত্রী নিয়েই চলছে ইউএস-বাংলার ফ্লাইট
নাজমুল ইসলাম বলেন, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দরগুলো দিয়ে (বেনাপোল, আখাউড়া, হিলি, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী সীমান্ত) সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। সেই তিন দিন হচ্ছে-রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
তিনি জানান, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং রেলস্টেশন দিয়ে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯৭ জন যাত্রী বাংলাদেশ প্রবেশ করেছে। তাদের প্রত্যেককেই আমরা স্ক্রিনিং করেছি। গত বছর থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ৬৮৭ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র।