ঢাকার সাভারের আশুলিয়ায় ১১ বছরের ছেলের অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে নিলুফা বেগম (৩০) নামে এক নারী।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টার দিকে দিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
নিহত নিলুফা বেগম ওই এলাকার কাদের প্যাদার মেয়ে ও দিয়াখালী এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন গণমাধ্যমে জানান, বিষপানে আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার বিকালে গরুর খাবার দেওয়া কেন্দ্র করে নিলুফা বেগম ও তার ছেলে আল আমিনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে তার মাকে গালাগাল করে। ছেলের এ গালাগালের অপমান সহ্য করতে না পেরে মা আত্মহত্যার জন্য বিষপান করেন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।