গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুল হাওলাদার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে বুধবার (১৪ এপ্রিল) কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে নির্যাতিত ওই গৃহবধূ স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় ঘরে দরজা খুলে শুয়ে ছিলেন। এ সময় একই গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় বাদী হয়ে একটি মামলা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, বুধবার ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত সাইফুল হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।