বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
উল্লেখ্য যে, মকবুল আহমাদ ১৯৩৯ সালের ২ আগস্ট ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পূর্বচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষা শেষে দাগনভূঞার কামাল আতাতুর্ক হাই স্কুলে ভর্তি হন। এরপর ১৯৫৭ সালে কৃতিত্বের সঙ্গে জায়লস্কর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৯৫৯ সালে বিএ পাস করেন তিনি। ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মকবুল আহমাদ জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৬ সালের ১৭ অক্টোবর জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথগ্রহণ করেন। জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৯ কার্যকালের জন্য তাকে সংগঠনটির আমির হিসেবে নির্বাচিত করেন।