রাজধানী ঢাকার হাতিরঝিলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের পাশের দেয়ালে ধাক্কা খাওয়ার পর ঝিলিক আলম (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী।
শনিবার (৩ মার্চ) সকাল ৯ টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের পাশের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কুদ্দুস বলেন, মধুবাগ ব্রিজের পাশের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী একটি প্রাইভেটকারে ছিলেন। প্রাইভেটকারটি চলতে চলতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে গিয়ে পাশের দেয়ালে ধাক্কা খায়। খুব সম্ভবত ঘটনাস্থলেই ওই নারী মারা যান এবং তার স্বামী আহত হন।
আরও পড়ুন- পুরান ঢাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ, কিশোর নিহত
দুর্ঘটনার পরই ওই নারীর স্বামী গুলশানে থাকা আত্মীয়-স্বজনদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে আসেন, আমরাও যাই। সেখান থেকে স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ঝিলিক আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।