রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ সেশনের (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষায় আবেদনকৃত শিক্ষার্থীদের চুড়ান্ত তালিকা তিন ধাপে নির্ধারণ করা হবে। সোমবার (২২ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, ২৩ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হওয়া তিন ধাপের এই চুড়ান্ত আবেদন চলবে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। তালিকায় থাকা ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করতে পারবে। যা চলবে ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন পূর্ণ না হলে দ্বিতীয় ধাপে তথা ২৮ থেকে ২৯ মার্চে তালিকায় থাকা পরবর্তী ধাপের শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে। একই ভাবে শেষ ধাপ তথা ৩০ থেকে ৩১ মার্চ তালিকার আরো পিছনে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
কেন তিন ধাপে আবেদন প্রক্রিয়া চলবে এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, একধাপে এই ভর্তি আবেদন পরিচালনা করলে অনেক সময় নির্ধারিত আবেদন পূর্ণ হয় না। কেননা বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় প্রাথমিক আবেদনে একই শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে আবেদন করে থাকে এবং যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক ইউনিটে তারা আবেদনের সুযোগ পায়। কিন্তু প্রাথমিক আবেদনে একাধিক ইউনিট পছন্দ করলেও পরে অনেকে চুড়ান্ত আবেদন করে না। আবার অনেকে প্রাথমিক আবেদন করলেও চুড়ান্ত আবেদন করে না। ফলে নির্ধারিত আবেদন সংখ্যা অপূর্ণ থেকে যায়।
মূলত এ সমস্যা সমাধানের জন্যই তিন ধাপে চলবে চুড়ান্ত আবেদন প্রক্রিয়া এবং প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই প্রত্যেক ধাপের নির্ধারিত সময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তিন ধাপে চুড়ান্ত আবেদন প্রক্রিয়া থাকার ফলে তালিকায় প্রথম ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর পিছনে থাকা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পেতে পারে বলে জানান এই পরিচালক।
আরও পড়ুন- ছাত্রাবাসে মিলল রুয়েট শিক্ষার্থীর লাশ
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চুড়ান্ত আবেদন করতে পারবে ৪৫ হাজার করে মোট তিন ইউনিটে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। এবছর তিন ইউনিটে মোট ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন শিক্ষার্থীর আবেদন পড়েছে ৩ লাখ ৪ হাজার ৯৯১ টি।