ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, কারো বাসার ভিতরে আমাদের পরিষ্কার করার কথা না। সিভিল এভিয়েশনের ভেতরে আপনারা দেখলেন কোটি-কোটি মশার লার্ভা। এটার ভিতর আমাদের যাওয়ার কথা না। এটা উচিত উনাদেরকেই পরিষ্কার করা। রেলওয়ের পাশে দেখলেন অনেক ময়লা, অনেক লার্ভা। এটা আসলে রেলওয়ের পরিষ্কার করার কথা। আমরা এখন মামলায় যাচ্ছি, সোজা আঙ্গুলে আর হচ্ছে না”।
আজ সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিমানবন্দর রেলস্টেশনের পিছনে, হাজী ক্যাম্প সংলগ্ন এলাকা, আশিয়ান সিটি এলাকা এবং দক্ষিণখান বাজার এলাকায় চলমান সমন্বিত মশক নিধন অভিযান (ক্রাশ প্রোগ্রাম) পরিদর্শনের সময় এসব কথা বলেন।
উল্লেখ্য, কিউলেক্স মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে ৮ মার্চ শুরু হওয়া ডিএনসিসির অঞ্চল ভিত্তিক ক্রাশ প্রোগ্রাম আজ সোমবার সপ্তম দিনে অব্যাহত ছিলো। আজ উত্তরখান ও দক্ষিণখান অঞ্চলে (অঞ্চল-৭ ও ৮) এ অভিযান পরিচালিত হয়।
আগামীকাল মঙ্গলবার হরিরামপুর অঞ্চলে (অঞ্চল-৬) সমন্বিত মশক নিধন অভিযান পরিচালিত হবে।
ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বিকাল ৫টায় জানান যে, বিমানবন্দর রেলস্টেশন, সিভিল এভিয়েশন এবং আশিয়ান সিটির বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- মশা নিধন অভিযান পরিদর্শন করতে গিয়ে খালও উদ্ধার করলেন ডিএনসিসি মেয়র
আশিয়ান সিটি পরিদর্শনকালে তিনি বলেন, এখানে এত বদ্ধ, নোংরা জলাশয় এবং কচুরিপানা আছে, এবং এখানে এত মশার উৎপাদন হচ্ছে এই এলাকার মানুষকে আতিষ্ট করে তোলার জন্য যথেষ্ট”।
মেয়রের পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।