বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীতে আর কোনো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
আজ রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলামের মতে, ‘আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আর কাউকে মনোনয়ন দেব না।’
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকারের বিভিন্ন উপজেলা পরিষদে উপ-নির্বাচনে ও সব পৌরসভা নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চরম ব্যর্থতা নিয়ে গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠকে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।
আরও পড়ুন- সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে: রিজভী
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা বিএনপি সবসময় করেছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভয়াবহ এ পরিস্থিতিতে আগামীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, জাতীয় প্রেস ক্লাবে আজকে ছাত্রদলের সমাবেশে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। ডিজিটাল আইনের মাধ্যমে সরকার মত-প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে।