রাজধানী ঢাকার মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখানের অধিকাংশ ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে শতাধিক টিনশেড ঘর ছিল বলে জানা গেছে।
আজ রোববার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে ছাই অধিকাংশ ঘর।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানমের বরাত দিয়ে টেলিফোন অপারেটর গণমাধ্যমে জানান, বিকাল সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট যোগ দেয়। বিকাল পৌনে ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা।
আরও পড়ুন- বাড্ডায় স’মিলে অগ্নিকাণ্ড
তবে কীভাবে এ আগুন লেগেছে তার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও জানা যায়নি বলেও জানান তিনি।