মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় বসতঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যেরগাঁও গ্রামের সিকদারবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম শাহ আলম (২৩)। তিনি বৈদ্যেরগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গজারিয়ার বৈদ্যারগাঁও সিকদারবাড়ীর শাহ আলমের বসতঘরে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে নিহত শাহ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- স্বামী ও স্ত্রীর ঝগড়া থামাতে ছুরিকাঘাতে যুবক খুন
এ বিষয়ে টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন জানান, নিহত শাহ আলম মাদকাসক্ত ছিল। ময়নাতদন্তের পরে বিষয়টি জানা যাবে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দীন জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শাহ আলমকে কেউ হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।