নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে লবণভর্তি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
শুক্রবার(১২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলো মোঃ সুমন (২৬) ও মোঃ সেলিম (৫০)।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, আসামী মোঃ সুমন নারায়ণগঞ্জের সদর উপজেলার পাইকপাড়া এলাকার মোঃ আবতাব এর ছেলে এবং অপর আসামী মোঃ সেলিম একই উপজেলার তামুকপট্টি এলাকার মৃত মোঃ আলী আকবর এর ছেলে। তারা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে কাভার্ডভ্যানযোগে পণ্য পরিবহণের আড়ালে ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো।
আরও পড়ুন- গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাড়ির বডির টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।