লালমনিরহাটে গুলিসহ ম্যাগজিন হারিয়ে ফেলার অভিযোগে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।
জানা যায়, গত সোমবার (২৫ জানুয়ারি) এসআই খালেকুল বাদশা লালমনিরহাট সদর উপজেলার কলেজ বাজার এলাকায় আসামি গ্রেফতার করতে গিয়ে গুলিসহ ম্যাগজিন হারান।
এসপি আবিদা সুলতানা জানান, এসআই বাদশা অভিযান চালানোর সময় তার ব্যবহৃত পিস্তলের গুলি ভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলেন এবং বিষয়টি থানায় না জানিয়ে গোপন রাখলে ওই দিনই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এ ব্যাপারে এসআই বাদশা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এর ফলে তাকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে হারানো ম্যাগাজিনটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জেলার ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।