রংপুর জেলার পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
তার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
সোমবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ভেন্ডাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৩’র অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র জানান, গত বছরের ৯ এপ্রিল ট্রলি যোগে পাচারের সময় ৯০ বস্তা ওএমএসের চালসহ রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়। ঐ চাল গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার বাবা মনোয়ার হোসেন মন্ডলের। ওএমএস চাল বিক্রির ডিলার ছিলেন তিনি। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা হলে পুলিশি তদন্তে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে। পরে তাকেও ওই মামলায় আসামি করা হয়।
ওসি আরো জানান, মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ঐ মামলায় দীর্ঘদিন থেকে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার সকালে র্যাব সদস্যরা আসামি মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেফতার করে।