কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি-ব্লকের হোসেন আলীর ছেলে।
আজ রোববার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির এ ঘটনা ঘটে।
হতাহতের ঘটনা গণমাধ্যমের কাছে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়।
সেখানে তাদের সঙ্গে তোহা বাহিনীর ৬০-৭০ রাউন্ড গুলিবিনিময় হয়। এতে নিহত হন নুর হাকিম এবং আহত হন ২০ জন। আহতদের সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।