ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ রবিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডির-৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের পর সাংবাদিকদেরকে এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আজকের এই ৭ই মার্চ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই ৭ই মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নিরস্ত্র জাতিকে, শান্তিপ্রিয় বাঙালি জাতিকে সশস্ত্র যুদ্ধের আহ্বান করেছিলেন, স্বাধীনতার আহ্বান করেছিলেন। এই ৭ই মার্চের ফলশ্রুতিতে ২৬শে মার্চের স্বাধীনতা দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি।”
বিএনপি ঐতিহাসিক ৭ই মার্চ পালন করছে, তা কিভাবে দেখছেন – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমি তাদেরকে সাধুবাদ জানাই। বিলম্বে হলেও তারা অনুধাবন করতে পেরেছে যে, ঐতিহাসিক দিবসগুলো জাতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং তা সঠিকভাবে পালনের মাধ্যমেই আমরা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পারি।”
আরও পড়ুন- পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হবে: মেয়র তাপস
এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ এর ব্যানারে ধানমন্ডি-৩২ নম্বরস্থ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরে নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাফর আহমেদ উপস্থিত ছিলেন।