আওয়ামী লীগ তিন আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। প্রার্থীরা হলেন- ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, সিলেট ৩ আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে আবুল হাশেম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ শনিবার (১২ জুন) বেলা ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম ঘোষণা করা হয়। গণভবন থেকে সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই তিন আসনের জন্য মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
আরও পড়ুন- এরশাদের মৃত্যু বার্ষিকীর দিনে ভোট না নেয়ার সিদ্ধান্তে ইসিকে কৃতজ্ঞতা জানালো জাপা
তিনবারের সাংসদ আসলামুল হকের মৃত্যুর কারণে ঢাকা-১৪ আসন শূন্য হয়। তিনবারের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী মারা যাওয়ায় সিলেট-৩ এবং পাঁচবারের সাংসদ আবদুল মতিন খসরু মারা যাওয়ায় কুমিল্লা-৫ আসন শূন্য হয়।
তিন আসনে উপনির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপনির্বাচনের তারিখ পেছানো হয়।
ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়।
এদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত তারিখ তথা ২১ জুনই অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন।