৩০ শতাংশ কমল হজ্বের খরচ। গত বছরের তুলনায় চলতি বছর থেকে ৩০ শতাংশ কম খরচে হজ্ব করা যাবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারী ড. আমর বিন রেদা আল মাদ্দাহ রোববার এ তথ্য জানান। সূত্র: গালফ নিউজ।
ড. আমর বিন রেদা আল মাদ্দাহ সংবাদ মাধ্যমকে জানান, এবারের হজ্বের ইকোনমিক প্যাকেজের ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে। সৌদির অভ্যন্তরীণ যে হজ্ব প্যাকেজগুলো রয়েছে সেগুলোকে কোম্পানির সেবার মান অনুযায়ী একাধিক শ্রেণিতে ভাগ করা হয়েছে।
প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কায় ২৫ লাখ মানুষ হজ্ব পালন করতে যান। কিন্তু ২০২০ সালে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে মাত্র ১০ হাজার জনের মতো মুসল্লি হজ্বে যান।
তবে ২০২১ সালে সৌদি আরবে অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ্ব পালনের সুযোগ পান। গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ্ব পালন করেছিলেন। আশা করা হচ্ছে চলতি বছর মুসল্লিরা কোনো বিধি-নিষেধ ছাড়াই হজ্ব পালনের সুযোগ পাবেন।
এদিকে, গত সপ্তাহে সৌদির হজ্ব মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ্ব প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে পুরো অর্থ একসঙ্গে পরিশোধের নিয়ম ছিল।
এ জন্য হজ্ব পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে বাছাই করা প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের স্থান নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির মধ্যে ও শেষ ৪০ শতাংশ অর্থ ২৩ জানুয়ারির মধ্যে দেওয়া যাবে।
প্রতিটি কিস্তির অর্থ পাওয়ার পর একটি করে রসিদ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের পর হজ্ব প্যাকেজটি নিবন্ধন করা মুসল্লির জন্য নিশ্চিত করা হবে। অন্যথায় নিবন্ধনটি বাতিল বলে গণ্য হবে।