যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার পণ্য সাধারণ মানুষের সাধ্যের বাইরে, সেখানে মাত্র ১০ টাকায় আট প্রকারের ইফতার পণ্য কিনছেন ক্রেতারা। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া মাঠে ১০ টাকার ইফতার বাজারে এমনই চিত্র মিলেছে। আর এ ইফতার বাজারের আয়োজন করে ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’। রোববার (১৭ মার্চ) ৩০০ নারী-পুরুষের মাঝে মাত্র ১০ টাকার বিনিময়ে এ ইফতার পণ্য তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। এতে এই রমজানে পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস পরিস্থিতি থেকে যেন কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচেন ওই সব সাধারণ মানুষ।
রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ইফতার বাজারে নারী-পুরুষের ঢল নামে। খবর পেয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তারা। এরপর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ইফতার বাজারের স্টল থেকে স্টলে ঘুরে কেনেন পণ্য। মাত্র ১০ টাকার বিনিময়ে তারা কিনেছেন এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি বুট, এক কেজি ডাল, এক কেজি মুড়ি, এক কেজি পেঁয়াজ ও আধা কেজি খেজুর।
ইফতার পণ্য কিনতে পেরে তৃপ্তির ঢেকুর তুললেন অনেকেই। তাদের অন্যতম রহিমা খাতুন। ৬৫ বছরের এ বৃদ্ধা বলেন, ‘ তেল, পেঁয়াজ, চিনি, মুড়িসহ কত কিছু পাইলাম ১০ টাকায়। বাজারে কিনতে গেলে কি এ টাকায় এসব পাইতাম? আল্লাহ ওগো ভালো রাখুক।’
সালমা আক্তার (৩৮) নামে আরেক নারী বলেন, ‘বাজারে জিনিসপত্রের অনেক দাম। রোজা আসামাত্র সেই দাম আরও বাড়ছে। ১০ টাকায় ৮ পদের ইফতার কিনতে পেরে ভালো লাগছে।’
সংগঠনটির সদস্যদের জন্য দোয়া করি উল্লেখ করে সামছু মিয়া নামে এক ব্যক্তি বলেন, ১০ টাকায় যেসব জিনিসপত্র কিনতে পেরেছি, তা বাজারে কিনতে গেলে দাম পড়বে হাজার টাকা।
আয়োজক সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হীরা বলেন, আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন, ততদিন এ আয়োজন করে যাব।